খুলনায় শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. হাসিবুজ্জামান রনি ওরফে কালা রনিকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ মে) ভোরে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালা রনির বিরুদ্ধে দুটি হত্যা, দুটি ডাকাতি, দুটি অস্ত্র মামলা (একটিতে ১২ বছর সাজাপ্রাপ্ত) ও চারটি অন্যান্য মামলা এবং তিনটিতে গ্রেফতারি পরোয়ানাসহ মোট ১০টি মামলা রয়েছে। কালা রনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফার মো. আনোয়ারের ছেলে। রনি রূপসা থানাধীন আইচগাতী (কোমলের ভিটা) বসবাস করতেন।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে জানান, কালা রনি ও তার গ্রুপের কাছে গুরুত্বপূর্ণ অবৈধ জিনিস রয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ মল্লিকসহ একটি দল রূপসা থানা এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে পুলিশ জানতে পারে রূপসার আইচগাতী (কোমলের ভিটা) এলাকায় আসামি কালা রনির বাড়ি গাঁজা রয়েছে। বিষয়টির সত্যতা ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বৃহস্পতিবার (২০ মে) রাতে কালা রনির বাড়িতে অফিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ কালা রনিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার এসআই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
প্রসঙ্গত, কালা রনি দুর্ধর্ষ গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
Copyright
banglanews24
