জাল টাকা উদ্ধারের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল রোববার এ আদেশ দেন।
কারাগারে পাঠানো তিন আসামি হলেন বরিশালের আবদুর রব ও শামীম রাঢ়ী ও পিরোজপুরের সাইদুল ইসলাম।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৮০ হাজার জাল টাকা উদ্ধারের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত ৯ জুন রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শনিবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে আবদুর রব ও সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে সিআইডি।
পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল থেকে শামীম রাঢ়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তিন আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পল্টন থানায় মামলা করে সিআইডি।
কৃতজ্ঞতা
https://www.prothomalo.com/
