তাওসিফ এন আকবর– পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা ২০২১ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে অরাজনৈতিক, ধূমপানমুক্ত ও মাদক বিরোধী সংগঠন “অনন্যা সোস্যাল ফাউন্ডেশনের” এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদানের আয়োজন করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানের পর থেকে নিষ্ঠার সঙ্গে জনসেবামূলক কাজ ও মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ওসি হুমায়ুন কবিরকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, যে কোন সম্মাননা একজন মানুষের জন্য যেমন গর্বের তেমনই আনন্দের।স্বীকৃতি আরও ভালো কাজে উৎসাহিত করে।‘জনগণের সেবায় পুলিশ’ এ প্রতিপাদ্যকে আমার কর্মের মাধ্যমে রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করেছি।সামনের দিকেও ইন্দুরকানীর আইন-শৃঙ্খলা যেন ভালো থাকে এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গিমুক্ত ইন্দুরকানী গড়তে চাই।এক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি ।
অনন্যা সোশ্যাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান মজিবুর রহমান খোকন জানান, আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠালগ্ন(১৯৯১) থেকে ১৫টি ক্যাটাগরিতে জাতীয় দিবসসমূহে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করে থাকি।
