ফাইল ছবি
সোমবার থেকে টানা সপ্তমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে জেএফএ (জাপান ফুটবল অ্যাসোসিয়েশন) কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২১ এর আঞ্চলিক পর্ব। দেশের সাতটি ভেন্যুতে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ২১ মার্চ পর্যন্ত। এবারের এই জেএফএ কাপের পাওয়ার স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। শনিবার (১৩ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপকে পাওয়ার স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। এ নিয়ে সপ্তমবারের মতো জেএফএ কাপের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন গ্রুপ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার কিরণ ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) সহ অন্যান্যরা।
এবার ৪২টি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে নারী ট্যালেন্ট হান্ট টুর্নামেন্ট জেএফএ কাপ। সাতটি ভেন্যুর মধ্যে রয়েছে- মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান স্টেডিয়াম, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, দিনাজপুর জেলা স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও পটুয়াখালী স্টেডিয়াম।
এবারের আসরের গ্রুপ-১ এ রয়েছে- মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলা। গ্রুপ-২ এ আছে- ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, ফেনী ও কক্সবাজার জেলা। গ্রুপ-৩ এ রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ। গ্রুপ-৪ এ আছে- দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারি, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও রংপুর জেলা। গ্রুপ-৫ এ রয়েছে- রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, মেহেরপুর, ঝিনাইদহ ও নওগাঁ জেলা। গ্রুপ-৬ এ রয়েছে- খুলনা, নড়াইল, রাজবাড়ি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও যশোর জেলা। আর গ্রুপ-৭ এ রয়েছে- পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠী ও মাগুরা জেলা।
কৃতজ্ঞতাঃ রাইজিং বিডি
