গত শনিবার দিনভর বরিশাল বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয় নগরীর আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশনে। জেলা পর্যায়ের সেরা বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি, চুলচেরা বিশ্নেষণ ও প্রাণবন্ত বিতর্কে উৎসবমুখর ছিল আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশন মিলনায়তন।
এ উৎসবের উদ্বোধনী ও সমাপনী পর্বের অতিথিরা আরও বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সংবিধানে বিজ্ঞান শিক্ষাকে আবশ্যক হিসেবে সংযোজন করা প্রয়োজন। বিজ্ঞানভিত্তিক বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলে। বিজ্ঞান নিয়ে বিতর্ক উন্নত বাংলাদেশ গঠনের জন্য অপরিহার্য। কারণ বিজ্ঞান সত্য ও সুন্দরের পথ দেখায়।
বরিশাল বিভাগীয় উৎসবে বিভাগের ৪ জেলার ৪টি বিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশন। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা আতিয়া রহমান তানহা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। বরিশাল বিভাগীয় উৎসবে অংশ নেয় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কে এম লতিফ ইনস্টিউটিউশন (পিরোজপুর), পটুয়াখালীর শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
নির্ধারিত সময়ের আগেই ওই চার জেলার খুদে বিতার্কিকরা হাজির হয় আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশন মিলনায়তনে। সকাল সাড়ে ১০টায় বরিশাল বিভাগীয় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিতর্ক সংগঠক বি এম কলেজের সহযোগী অধ্যাপক মো. আখতারুজ্জামান খান। অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর মো. তানভীর কায়সার, বিএম কলেজের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না সাহা, কে এম লতিফ ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মোসাম্মৎ আয়েশা খানম, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম।
বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ক্রেস্ট তুলে দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস। উদ্বোধনী ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন সমকালের বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জি। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সমকালের পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিন, বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী, পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা হক মেবীন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন নাহার, বরিশালের মঠবাড়িয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম, স্থানীয় দৈনিক সকালের বার্তার সম্পাদক শেখ শামিম।
বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন কবির, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ লিয়ন শেখ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম ইয়ামিন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন ও সদস্য মমিন ইউ আহমেদ। টাইম কিপার ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির স্বেচ্ছাসেবক মাসুম মাহমুদ, আবিদুর রহমান ও হাসিবুল হাসান।
লেখা ও ছবি কৃতজ্ঞতা
দৈনিক সমকাল
