রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সিএনজির ধাক্কায় মো. আবু হানিফ (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবু হানিফের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে। কারওয়ান বাজার এলাকার কাঠপট্টি এলাকায় থাকতেন তিনি। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের ছেলে মো. নূরনবী বলেন, ‘আমার বাবা কারওয়ান বাজার এলাকায় রিকশা চালাতেন। আজ সকালের দিকে রিকশা চালানোর সময় একটি সিএনজি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আমার বাবাকে ওই সিএনজিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। আমরা খবর পেয়ে এসে দেখি বাবা মারা গেছেন। পরে সিএনজিচালক ঢাকা মেডিকেল থেকে কৌশলে পালিয়ে যান।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজার থেকে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে এক রিকশাচালক ঢাকা মেডিকেলে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ঘাতক সিএনজিটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
কৃতজ্ঞতাঃ
জাগোনিউজ
