শরণখোলা উপজেলার বিধানসাগর গ্রামে ইজি বাইকের চাপায় পিষ্ঠ হয়ে শিশু সিয়ামের(৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে । সোমবার দুপুরে ঐ শিশুটি খেলতে খেলতে বাড়ির সামনের রাস্তায় উঠে আসে। এসময় দ্রুতবেগে চালিয়ে আসা একটি ইজি বাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। চালক তার ইজিবাইক টি ফেলে রেখে পালিয়ে যায়। নিহত শিশু সিয়াম ঐ গ্রামের হত দরিদ্র কৃষক মোশারেফ হাওলাদারের পুত্র।
ঘটনার পরপরই এলাকাবাসী সিয়াম কে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ফয়সাল আহম্মদ জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির বুকে ও মাথায় গুরুত্বর আঘাত রয়েছে ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইয়েদুর রহমান জানান, শিশু সিয়ামের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে । মামলার প্রক্রিয়ার পাশাপাশি ঘাতক ইজিবাইক চালক কে গ্রেফতারের চেষ্টা চলছে ।
