মহামারি করোনাভাইরাসের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তবে হঠাৎ আবহাওয়া তপ্ত হয়ে ওঠায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, বৃষ্টি না হওয়ায় এবং অত্যধিক গরমের কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে জেলায়। প্রতিনিধিদের পাঠানো খবর :
গত মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ১২৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। এর মধ্যে ভান্ডারিয়ায় ৩০ জন, মঠবাড়িয়ায় ৩৪, নেছারাবাদ (স্বরূপকাঠি) ২৪, কাউখালীতে ১৮, নাজিরপুরে ৭ এবং জেলা হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছে। হাসপাতালের বহির্বিভাগ থেকেও প্রতিদিন অনেক রোগী পরামর্শ ও চিকিৎসা নিচ্ছেন।
পিরোজপুরের কাউখালী উপজেলায় হাসপাতালের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে বারান্দায়ও রোগীদের চিকিৎসা সেবা নিতে দেখা গেছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডকে করোনা ওয়ার্ড করায় এখন সাধারণ, নারী ও পুরুষ ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে ডায়রিয়া রোগীদের ভর্তি করা হচ্ছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, অতীতের যে কোনো বছরের তুলনায় এবার ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি।\হপিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাসপাতালে কিছুটা আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫১২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে গত চার মাস ২০ দিনে ( ০১ জানু-২০ এপ্রিল পর্যন্ত ) মোট ৩২ হাজার ১৮৩ জন আক্রান্ত হন।
এরমধ্যে সর্বোচ্চ ভোলা জেলায় ৮ হাজার ৯০ জন,পটুয়াখালীতে ৭ হাজার ৩৪১ জন, বরগুনায় ৪ হাজার ৮৪৯ জন, বরিশালে ৪ হাজার ৩৬৯, পিরোজপুরে ৪ হাজার ২ জন ও সর্বনিম্ন ঝালকাঠিতে ৩ হাজার ৫৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
কৃতজ্ঞতা
সমকাল ও বার্তা২৪
