জালিস মাহমুদ:
পিরোজপুর শহরের হাসপাতাল সড়কে অগ্নিকাণ্ডে দুই আইনজীবীর চেম্বার আগুনে পুড়ে গেছে।
১০ মে (সোমবার) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, সোমবার গভীর রাতে হাসপাতাল সড়কে একটি কাঠের ঘরে অগ্নিকাণ্ড দেখে একজন পুলিশ সদস্য ফায়ার সার্ভিসে খবর দেয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আইনজীবী এডভোকেট শ ম হায়দার আলী ও এডভোকেট রতন লাল দত্তের চেম্বারে থাকা চেয়ার,টেবিল, আলমারি,বই,মামলার নথি পুড়ে যায়।
পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাদুল্লাহ লিটন বলেন,অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যে ঘরটি ভস্মীভূত হয়ে যায়।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
