ফেনীর পরশুরামে এক শিশু শিক্ষার্থীকে (৬) ধর্ষণচেষ্টা ও সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার তত্ত্বাবধায়কসহ দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক মাওলানা কাউছার হাবিব (২৫) ও মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা অলি উল্যাহকে (৩৫) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন।
গ্রেপ্তার মাওলানা কাউছার হাবিব নওগাঁ জেলা ও মাওলানা অলি উল্যাহ পিরোজপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদির পরশুরামে থেকে শিক্ষকতা করছেন।
মামলার বাদী শিশুটির বাবা জানান, পরশুরামে একটি নুরানী মাদ্রাসার শিক্ষক কাউছার হাবিব গত ১০ই মার্চ সকালে ওই শিশু শিক্ষার্থীকে কৌশলে তার কাছে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটি মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের দেখে দৌঁড়ে তাদের কাছে চলে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে মাদ্রাসার তত্ত্বাবধায়ক ধর্ষণ চেষ্টার ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের পরামর্শে সন্ধ্যায় তিনি বাদি হয়ে মাদ্রাসার দুই শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
ওসি মো. শওকত হোসেন আরো জানান, সোমবার সকালে ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য ওই শিশু শিক্ষার্থীকে আদালতে পাঠানো হবে।একই সাথে গ্রেপ্তার শিক্ষকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। [সূত্রঃমানবজমিন]
